নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
![]() |
| প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান: ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন |
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা নিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করল বিএনপি।
আজ বিকেলে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিপরিষদকে শপথবাক্য পাঠ করান।
ঐতিহ্য ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণির পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
বিকেল ৪টা ১২ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এ সময় তিনি সাদা জামা ও কোট-প্যান্ট পরিহিত ছিলেন এবং তাঁকে অত্যন্ত আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখাচ্ছিল। এরপর পর্যায়ক্রমে বিকেল ৪টা ১৮ মিনিটে ২৫ জন মন্ত্রী এবং বিকেল ৪টা ২৬ মিনিটে ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন।
নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
মন্ত্রী হলেন যারা:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী হলেন যারা:
এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যরিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
নির্বাচনী প্রেক্ষাপট
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ২০৯টি আসনে জয়লাভ করে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে, ৬৮টি আসন পেয়ে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি আসনগুলোতে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
উচ্ছ্বসিত জনতা ও আমন্ত্রিত অতিথি
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে উপস্থিত সকলে দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্তর্র্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধানগণ, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্যসহ ১৩টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেন।
শপথ অনুষ্ঠানের আগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সংসদ ভবন এলাকায় জড়ো হন সাধারণ মানুষ।
এ সময় তাঁরা তরুণদের নেতা তারেক রহমানের প্রশংসা করে বিভিন্ন স্লোগান দেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যাত্রার শুরু হলো।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জাতীয়- নিয়ে আরও পড়ুন

রমজান উপলক্ষে বিদ্যালয় বন্ধ, হাইকোর্ট নির্দেশ দিল ১৮ ফেব্রুয়ারি থেকে

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে: ইসি

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ

২৯৭ আসনের ফল ঘোষণা: ২০৯ আসনে বিএনপির নিরঙ্কুশ জয়, ৬৮টিতে জামায়াত

বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।